সাতক্ষীরায় ডাবলু মিয়া নামে নয় বছর বয়সী এক শিশুর পায়ুপথে আইসক্রিম ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা শহরতলির ডাঙ্গীপাড়ার ‘আশিক সুপার আইস বার’ নামে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার শিশু ডাবলু সদর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।

এ ঘটনায় ওই আইসক্রিম ফ্যাক্টরির মালিক ও দুই কর্মচারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- আইসক্রিম ফ্যাক্টরির মালিক আমজাদ হোসেন, কর্মচারী শামীম হোসেন (১৫) ও নাজমুল হোসেন (১৫)।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ হাসান বলেন, দরিদ্র পরিবারের ছেলে ডাবলু প্রতিদিন ফ্রি আইসক্রিম খাওয়ার জন্য ফ্যাক্টরিতে যেত।

বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানে গেলে ফ্যাক্টরির দুই কর্মচারী শিশুটির পায়ুপথে আইসক্রিম ঢুকানোর চেষ্টা করে।

খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফ্যাক্টরির কর্মচারী শামীম হোসেন ও নাজমুল হোসেনকে আটক করা হয়েছে। এছাড়া মালিক আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।