২রা নভেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসর। ইতিমধ্যে পঞ্চম আসরকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলি দল সাজাতে শুরু করেছে।

সব ফ্র্যাঞ্চাইজিই নিজেদের আইকন ক্রিকেটারদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে। এছাড়া বিদেশী খেলোয়াড়দেরকেও দলে ভেড়াতে পিছিয়ে নেই তারা।

বরাবরই বিপিএলের প্রতি আসরে ফ্র্যাঞ্চাইজিগুলি দেশী খেলোয়াড়দের তুলনায় বিদেশী খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে থাকে। আর এবারও একই নজির দেখা যাচ্ছে পঞ্চম আসরের জন্য দল সাজানোকে ঘিরে।
কিন্তু বিপিএল যখন সর্বপ্রথম মাঠে গড়ায় তখন অংশগ্রহণকারী দলগুলো জানিয়েছিল তাদের মূল লক্ষ্য দেশের ক্রিকেটের উন্নয়ন এবং দেশীয় ক্রিকেটার খুঁজে বের করা।তবে বিগত চার আসরে ফ্র্যাঞ্চাইজি গুলোর দেয়া বক্তব্যের সাথে দল গোছানোর ক্ষেত্রে কোন মিল পাওয়া যায়নি।
টাইগারদের সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলটও জানালেন তিনি সবসময়য়ই বিদেশী ক্রিকেটারদেরকে বেশী অর্থ দিয়ে দলে ভেড়ানোর বিষয়টি তাঁর অপছন্দের ছিলো। মানবজমিনকে দেয়া এক সাক্ষাৎকারে পাইলট বলেন,
‘এই ধরনের নিয়মের বিপক্ষে আমি সব সময় ছিলাম, এখনো আছি। ধরেন গেইলকে ৩০ লাখ টাকায় পাওয়া যেত কিন্তু ওপেন থাকায় এখন তার পিছনে ছুটছে সব ফ্র্যাঞ্চাইজি।
এতে করে তার টাকার পরিমাণও তিনি যেভাবে খুশি নিচ্ছেন। ফলে দেশের টাকা চলে যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের হাতে। এটা না করে এই টাকা যদি একটা দেশি ক্রিকেটারের জন্য খরচ হতো তাহলে আমাদের ছেলেরা আরো ভালো খেলতে উৎসাহ পেত।’
উল্লেখ্য যে, আসন্ন বিপিএল মৌসুমকে সামনে রেখে ইতিমধ্যে শহীদ আফ্রিদি, কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শোয়েব মালিক, ফাখার জামানদের পেছনে বিপুল অর্থ খরচ করে দলে ভিড়িয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা।