পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত অনেকেই নাম উঠে এসছে। দেশটির অনেক তারকা ক্রিকেটারের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে বিভিন্ন সময়।

ম্যাচ গড়াপেটার দায়ে মোহাম্মদ ইরফান, খালেদ লতিফ, শারজিল খানের মতো তারকারা নিষিদ্ধ হয়েছেন। এরপর ফিক্সিং কাণ্ডে মোহাম্মদ সামি ও উমর আকমলের সম্পৃক্ততাও পায় পিসিবি। তবে নিজেকে নিদোর্ষ দাবি করেছেন আকমল। এমনকি এই অভিযোগ থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে মুক্ত ঘোষণা করেছে বলেও দাবি জানিয়েছেন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

সম্প্রতি পাকিস্তানি সংবাদ মাধ্যমকে উমর আকমল জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে পিসিবি কোনো প্রমাণ পায়নি। এখন দলে ফেরার জন্য কঠোর অনুশীলন করে যাচ্ছেন তিনি।

আকমল আশা করছেন দ্রুতই আবার দলে ফিরতে পারবেন, ‘আমি ক্রিকেটকে জীবেনের চেয়েও বেশি ভালোবাসি। পাকিস্তানের হয়ে খেলাটা আমার স্বপ্ন। জীবনেও আমি এই ধরনের জঘন্য কাজ করিনি। আমি দেশের জন্য খেলি। আর এটাই আমার গর্ব।’

বাজে ফর্মের কারণে এবারের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা হয়নি তাঁর। এই কারণে খুবই ব্যথিত এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন ট্রফির দলে না থাকাটা দুর্ভাগ্যজনক। ইতিহাসের অংশ হতে পারিনি। তবে আশা করছি দ্রুতই আবার জাতীয় দলে ফিরতে পারব।’

নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য কঠোর অনুশীলন করছেন এই ব্যাটসম্যান। তিনি বলেন, ‘ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি আমি। ফিটনেস নিয়ে বেশি কাজ করছি। আগের চেয়েও ভালোভাবে দলে ফিরতে চাই।’