দীর্ঘদিন টেস্ট খেলতে না পারার আক্ষেপটা রেকর্ড গড়েই দূর করলেন শেখর ধাওয়ান। পরের সময়টায় সহজাত ভঙ্গিমায় লঙ্কান বোলারদের ওপর ছড়ি ঘোরালেন চেতেশ্বর পুজারা।
ধাওয়ানের বিধ্বংসী আর পুজারার ধৈর্যের প্রতিমূর্তি হয়ে উঠা দুই সেঞ্চুরি ইনিংসে ভর করে গল টেস্টের প্রথম দিনেই নিজেদের আধিপত্য বিস্তার করে ফেলেছে ভারত। লঙ্কান বোলারদের দুঃসহ সময় উপহার দিয়ে দিন শেষে সফরকারীরা তুলেছে ৩ উইকেটে ৩৯৯ রান।
অথচ দিনের শুরুটা কিন্তু মোটেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল না টস জিতে ব্যাট করতে নামা ভারতকে। আরও একবার ওপেনিংয়ে সুযোগ পেয়ে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন অভিনব মুকুন্দ। দলীয় ২৭ রানের মাথায় ১২ রান করে নুয়ান প্রদীপের শিকার হয়েছেন এই বাঁহাতি। প্রথম দিন শেষে আউট হয়েছেন মুকুন্দ, ধাওয়ান, কোহলি। ব্যাটিংয়ে রয়েছেন পূজারা ও রাহানে।
লঙ্কানদের পক্ষে দিনের সবচেয়ে সফল বোলার প্রদীপ; ৬৪ রানে নিয়েছেন ৩টি উইকেট।





