মাদক ব্যবসা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে তথ্য দিলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

আজ বুধবার নগরীর মনি চত্বরে নানকিং দরবার হলে আয়োজিত মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন আরএমপি-প্রধান।

পুলিশ কমিশনার বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজশাহী মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ফলে অনেক মাদক ব্যবসায়ী ও সেবনকারী এরই মধ্যে অন্ধকার জগৎ ছেড়ে আলোর পথে ফিরে এসেছে। বর্তমানে কোনো পুলিশ সদস্যের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সুসম্পর্ক নেই।

শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের সমাজকে মাদকমুক্ত রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই মাদক ব্যবসায়ীদের আলোর পথে আসার সুযোগ দেওয়া হচ্ছে।’ এরপর যদি কেউ নগরীতে মাদকের ব্যবসা পরিচালনা করে, তাহলে তাদের পরিণতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

কমিশনার বলেন, মাদক ব্যবসা করে সন্তানদের লেখাপড়া শেখানো সম্ভব হয় না। কারণ তারা শাসন মানে না। তাই মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে এসে নিজ নিজ সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অপরাধমূলক কর্মকাণ্ড ছেড়ে যারা সুন্দর-স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন পুলিশ কমিশনার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অফিসের অতিরিক্ত পরিচালক মজিবুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূঁঞা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সালাহ উদ্দিন।

এর আগে সকাল ১০টায় ‘একটি পরিবার ধ্বংসের জন্য একজন মাদকাসক্ত ব্যক্তিই যথেষ্ট’ স্লোগান নিয়ে নগরীর লক্ষ্মীপুর মিন্টু চত্বরে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা নগরীর মনি চত্বরের আলোচনা সভায় অংশ নেন।