আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।
৩১ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিদের মাধ্যমে শুরু হচ্ছে কমিশনের সংলাপ পর্ব। আর এ সংলাপে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ. এম. মাহবুব উ্দ্দিন খোকন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ১৮ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার কাছে পাঠানো হয়েছে।
সিইসির কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘আপনি ইতোমধ্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন এবং আইন সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে সংলাপে অংশগ্রহণ করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনকে আমন্ত্রণ জানাচ্ছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের সর্বোচ্চ আদলতের আইনজীবীদের সমন্বয়ে গঠিত একটি অরাজনৈতিক অন্যতম পেশাজীবী সংগঠন। এই সংগঠনটি বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল যাবৎ বিশেষ ভূমিকা রেখে আসছে। আইন সংস্কারসহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানের জন্য সু্প্রীম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ গ্রহণ করতে ইচ্ছুক।’
এ বিষয়ে ইসি জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান পরিবর্তন ডটকমকে বলেন, ‘চিঠিটি আমরা পেয়েছি। এটি কমিশন বৈঠকে পাঠানো হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।





