সাবেক ক্রিকেটারদের নিয়ে আয়োজিত মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করছে একমি রাজশাহী মাস্টার্স। টস জিতে রাজশাজীকে মাস্টার্সকে ব্যাটিংয়ে পাঠায় এক্সপো অলস্টার্স মাস্টার্সের অধিনায়ক হাসিবুল হোসেন শান্ত।

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুপর একটায় শুরু হয় বাংলাদেশে ক্রিকেটের ভিত স্থাপন কারি তারকাদের প্রথম ম্যাচটি। ১৫ ওভার করে খেলবে উভয় দল। খেলাটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই।

ইমোগো স্পোর্টস ম্যানেজমেন্টের ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল হয়ে গেল সাবেক ক্রিকেটারদের মিলন মেলা। প্রায় দুই যুগ আগে ব্যাট-বল তুলে রাখা কিংবদন্তিরা আবার মাঠে নামছেন। ব্যাট-বলের লড়াইয়ে মেতে উঠছেন স্বর্ণালী সময়ের তারকারা। মূলত জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কমপক্ষে পাঁচ বছর খেলা ক্রিকেটাররা এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

এক্সপো অলস্টার্স মাস্টার্স একাদশ : হাসিবুল হোসেন শান্ত, মাসুদুর রহমান মুকুল, তালহা জুবায়ের, আসাদুল্লাহ খান বিপ্লব, এহসানুল হক সেজান, রাশিদুল হক সুমন, মেহরাব হোসেন অপি, মোরশেদ আলী খান সুমন, নিয়াজ মোরশেদ নাহিদ, জাহাঙ্গীর আলম ও সোহেল হোসেন পাপ্পু।

একমি রাজশাহী মাস্টার্স একাদশ: খালেদ মাসুদ পাইলট, জাভেদ ওমর বেলিম, হান্নান সরকার, রফিকুল ইসলাম খান, শেখ গোলাম মোস্তফা, মজিরুল ইসলাম, মাহমুদুল হাসান রানা, মো. রাশেদুজ্জামান, আলী আরমান রাজন, তরিকুল ইসলাম তারেক।