গণতন্ত্র রক্ষা আর স্বৈরাচার ফ্যসিবাদের জন্য খালেদা জিয়ার লন্ডন সফর বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগ সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই উল্লেখ করে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের পরাজয় অনিবার্য।

তিনি বলেন, এই দেশে ফ্যাসিবাদী, স্বৈরাচার সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি বর্তমান সরকার ও পারবে না, এটা তারা জেনেই খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকারদলীয় লোকজন অপপ্রচার চালাচ্ছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, খালেদা জিয়ার লন্ডন সফর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে সরকার দলীয় লোকজনের অপপ্রচারের জবাব আমরা দিবো আগামী সংসদ নির্বাচনে সহায়ক সরকারের অধিনে এই সরকারকে পরাজয়ের মাধ্যমে। নির্যাতন, হামলা, মামলা সকল কিছুর জবাব দেয়া হবে।

বিএনপির এই নেতা বলেন, আমরা আন্দোলন চাই না, আমাদের প্রথম পছন্দ আলোচনা আর দ্বিতীয়টি হল আন্দোলন সরকার যদি আলোচনা করতে ব্যর্থ হয়ে বাধ্য করে তাহলে আমরা আন্দোলনকেই বেছে নিবো।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমির হোসেন বাদশা। এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহ, কৃষক দলের নেতা শাজাহান মিয়া সম্রাট, আব্দুল আলিম ও এম জাহাঙ্গীর আলম প্রমুখ।