শিগগিরই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলিস জি ওয়েলস।

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা করতেই তার এই সফর বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত এ তথ্য জানান। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন ক্ষমতায় যাওয়ার পর দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখনও কাউকে নিয়োগ দেয়া হয়নি। বিগত আমলে নিয়োগ পাওয়া নিশা দেশাই বিসওয়াল সরকার বদলের কারণে সরে যাওয়ায় ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন ওয়েলস।

বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের সার্বিক বিষয়ে আলোচনা করতেই আলিস এই সফরে আসছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের তরফে সমুদ্র নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।