যশোরে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে নকল লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে শনিবার দুপুরে সদর উপজেলার মনোহরপুরের শাপলা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক রবিনকে এ সাজা দেওয়া হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত তিনশত প্যাকেট নকল বনফুল লাচ্ছা সেমাই জব্দ করে ধ্বংস করেছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শাপলা ফুড প্রোডাক্টসে বনফুল লাচ্ছা সেমাইয়ের হুবহু নকল প্রস্তুত করে তা বাজারজাতকরণ, অনুমোদন ছাড়া অবৈধভাবে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং, পোড়া তেল ও অন্যান্য উপাদান মিশিয়ে বাচ্চাদের খাবার অনুপযোগী চানাচুর, ডার্বি বুট তৈরি ও বাজারজাতকরণ করছিল। যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। এছাড়া প্রতিষ্ঠানটির বিএসটিআই, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ছাড়পত্র নেই।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোষী প্রমাণিত হওয়ায় শাপলা ফুড প্রোডাক্টসের মালিক রবিনকে আসামি করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সোহেল শেখ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।





