যশোরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবদুর রহমান উজ্জ্বল মৃধা (৪০) নামের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। উজ্জ্বল গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পোনা গ্রামের আব্দুল মান্নান মৃধার ছেলে।
আজ শনিবার ভোরে যশোর রেলওয়ে জংশনের দ্বিতীয় প্লাটফর্ম থেকে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। প্রবাসীর স্ত্রীকে বিয়ে, তালাক নিয়ে বিরোধের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
জানা গেছে, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলা ফোকড়া গ্রামের বৃষ্টি নামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে উজ্জ্বলের তিন বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এরপর তারা বিয়ে করে একসঙ্গে থাকা শুরু করেন। প্রায় তিন বছর পর তাদের সম্পর্কে ভাঙন দেখা দেয়।
অপরদিকে, বৃষ্টির প্রবাসী স্বামীর দেশে ফেরার সময়ও ঘনিয়ে আসে। এর প্রেক্ষিতে গত ১৬ জুলাই বৃষ্টি উজ্জ্বলকে তালাক দেন। এ ঘটনার পর শনিবার ভোরে যশোর রেলওয়ে জংশনের দ্বিতীয় প্লাটফর্মে গিয়ে উজ্জ্বল ট্রেনের নিচে ঝাঁপ দেন।
যশোর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইদ্রিস আলী জানান, স্টেশনের তিন নম্বর লাইনে একটি মালবাহী ট্রেনে নিচে ওই যুবক ঝাঁপ দেন। পরে জিআরপি পুলিশ ও স্থানীয় লোকজন উজ্জ্বলকে উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।





