খুলনায় সচেতন নাগরিক কমিটি (সনাক) ও গণমাধ্যম কর্মীদের সাথে খুলনা ওয়াসা কর্তৃপক্ষের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ জুলাই) সকালে মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র উদ্যোগে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুলাহ বলেন, খুলনা শহরের রয়্যাল মোড় হতে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত রাস্তাসহ অন্যান্য রাস্তা বৃষ্টি কমার সাথে সাথে যথা নিয়মে টেস্ট করে সিটি কর্পোরেশনের স্পেসিফিকেশন শত ভাগ অনুসরণ করে কার্পেটিং এর কাজ সম্পন্ন করা হবে।
সভায় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে খুলনা ওয়াসার এমডি বলেন, জুন-২০১৮ সালের মধ্যে সকল গ্রাহকদের সুপেয় পানি সরবরাহ করার লক্ষ্যে সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন ব্যাসের (৩ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি) প্রায় ৬৫০ কিঃ মিঃ পাইপ লাইন বসানোর এক মেগা প্রজেক্ট প্রহণ করেছে ওয়াসা। ইতোমধ্যে মাঠ পর্যায়ে ৫২৫ কিঃ মিঃ পাইপ বসানোর কাজ শেষ করা হয়েছে। এ কাজের অংশ হিসেবে বড় ব্যাসের পাইপ (অর্থাৎ ৩০০ মিমি-১২০০ মিমি) রাস্তা কেটে বসানো হচ্ছে।
রাস্তা কাটার ফলে কিছুটা জন দুর্ভোগ সৃষ্টি হচ্ছে স্বীকার করে এমডি বলেন, ইতোমধ্যে রয়্যালের মোড় থেকে শিবাবাড়ি মোড় পর্যন্ত কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। শিববাড়ি হতে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এবং রয়্যাল মোড় হতে রূপসা ট্রাফিক মোড় পর্যন্ত Base Course এর কাজ সম্পন্ন করা হলেও আগাম বৃষ্টির কারণে কার্পেটিং এর কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে জন দুর্ভোগ কমাতে সময়িকভাবে হেরিং বন্ড করে দেওয়া হয়েছে এবং বৃষ্টি কমলেই সকল রাস্তা কার্পেটিং করে সম্পূর্ণ চলাচলের উপযোগী করা হবে।
সনাক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সহ-সভাপতি একে হিরু। এছাড়া অনুষ্ঠানে খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ ও প্রশাসন) স্বপন কুমার মন্ডল, ডিএমডি (প্রকৌশল) এমডি কামাল উদ্দিন আহমেদসহ ওয়াসার উধ্বর্তন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।





