সাত কলেজ শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা, গুলি ও ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ৭ দফা দাবিতে শিক্ষার্থীদের অবরোধ-বিক্ষোভে উত্তাল রাজধানী।

শনিবার বেলা ১১টা থেকে রাজধানীর নিউ মার্কেট ও নীলক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা। এদিকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা লক্ষ্মীবাজার রোডে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে বলে জানা যায়। এতে রাজধানীর বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এছাড়াও, আরও চার কলেজের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বলে জানা যায়।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, তাদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা তাদের সঙ্গে সমঝোতা করে সড়ক খুলে দেয়ার চেষ্টা করছি।

এর আগে গত বৃহস্পতিবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নীতিমালা প্রণয়নসহ সাত দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭টি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করতে আসেন। পরে সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ৩ শিক্ষার্থী গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়। শুক্রবার ১২০০ শিক্ষার্থীর বিরুদ্ধেই মামলা করে পুলিশ।