রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তার ফুটপাত দখল করে গড়ে উঠেছে অস্থায়ী নানান দোকান। এ কারণে রাজধানীতে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম দুর্ভোগের শিকার হচ্ছেন পথচারীরা।ফুটপাতে দোকান থাকার কারণে পথচারীরা রাস্তা দিয়ে চলাচল করছে।

এ কারণেই রাজধানীতে সৃষ্টি হচ্ছে চরম যানজট। ফুটপাতের এসব দোকান নিয়ন্ত্রণ করছে ঐ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রনেতা ও সংশ্লিষ্ট থানার পুলিশ।

খোঁজ নিয়ে জানা গেছে,বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে দোকান করে দিয়ে সাপ্তাহ বা মাসিক হারে টাকা নিচ্ছে।

তেজগাঁও কলেজের সামনে চা-বিস্কুট বিক্রেতা নাম না বলা শর্তে বিডি২৪লাইভকে বলেন, আমাকে এই (তেজগাঁও) কলেজের এক নেতা এ দোকানটা দেয়ার জন্য জায়গা করে দিয়েছে। প্রতি সপ্তাহে তাকে ১ হাজার টাকা দিতে হয়। এ ভাবেই ফুটপাতের দোকানগুলো থেকে সপ্তাহ কিংবা মাসিক হারে চাঁদা নেয় তারা।

পুলিশ বা সিটি কর্পোরেশকে কত টাকা দিতে হয় জানতে চাইলে তিনি বলেন, আমরা শুধু নেতাদের টাকা দেই বাকি সব তারা দেখেন।

রাজধানীর নীলক্ষেতে ফুটপাতে কাপড়ের দোকানদার বিডি২৪লাইভকে বলেন, কলেজের নেতাদের টাকা দিতে হয়। পুলিশকেও টাকা দেই। না দিলে তো আর দোকান করতে পারবো না।

তিনি বলেন, নেতাদের প্রতিদিন ১০০ টাকা করে ও পুলিশকে ৫০ টাকা করে দিতে হয়।

সরেজমিনে গিয়ে আরও দেখা যায়,রাজধানীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটপাতের জায়গা দখল করে বসানো হয়েছে খাবার হোটেল, ফলের দোকান, জুতার দোকানসহ বিভিন্ন পণ্যের দোকান। অবৈধ এসব দোকানপাট ওই এলাকার যানজটের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

দোকানগুলো ঘুরে দেখা গেছে, এসব দোকানের চেয়ার-টেবিল বসানো হয়েছে ফুটপাতের ওপরই।ফলে এসব ফুটপাত দিয়ে মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না বলা শর্তে বিডি২৪লাইভকে বলেন, স্কুল,কলেজ বা বিশ্ববিদ্যালয়ের সামনে ফুটপাতের দোকানগুলো থেকে পুলিশ কোন টাকা নেয় না। এগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ও সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে থাকে বলে তিনি জানান।

আরিফ হোসেন নামে এক পথচারী বিডি২৪লাইভকে বলেন, ফার্মগেট তেজগাঁও কলেজের সামনের ফুটপাতের রাস্তাগুলো হকারদের দখলে থাকায় ফুটপাত দিয়ে চলা কঠিন হয়ে পরেছে তাই মানুষ রাস্তা দিয়ে চলছে।

তিনি বলেন, এই রাস্তায় কোনো ওভার পাস নেই,অন্যদিকে রাস্তার ফুটপাতের হাঁটার জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। খুবই কষ্ট হয় এ সড়ক দিয়ে চলাফেরা করতে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এক কর্মকর্তা বিডি২৪লাইভকে জানান, ফুটপাত গুলোতে অনেক অবৈধ দখলদার রয়েছে এটা সত্য। আমরা কয়েকবার সেখানে উচ্ছেদ অভিযানও পরিচালনা করেছি। দ্রুততম সময়ের মধ্যে আবারও সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কিন্তু সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে পারছি না। অল্প সময়ের ব্যবধানে সড়ক ও ফুটপাতে হকাররা দোকান সাজিয়ে বসেছে। এক্ষেত্রে পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাকেও এগিয়ে আসতে হবে।