চট্টগ্রাম সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে পড়ে ২ শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আজ ২১ জুলাই ভোরে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় এ ঘটনা ঘটেছে।

সীতাকুণ্ড থানা পুলিশ জানিয়েছে, সলিংপুরের ৩ নং সমাজ এলাকায় পাহাড় ধসের পর ঘরের ভেতরেই চাপা পড়ে রাবেয়া আকতার ও তার দুই মেয়ে সামিয়া ও লামিয়া এবং শ্বাশুড়ী বিবি ফাতেমা ও তার ছেলে মোহাম্মদ ইউনুস। মাটির নিচ থেকে তাদের মরদেহ খুঁজে বের করে এলাকাবাসী।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমূল ইসলাম ভূঁইয়া এ খবর নিশ্চিত করে তিনি জানান, পাহাড় ধসে পড়ে শিশুসহ ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি। তাঁদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

ওই গ্রামের টিলা ও পাহাড়ে ছিন্নমূল লোকজন ঘর বানিয়ে বসবাস করে। এরআগে বান্দরবান খাগড়াছড়ি ও কক্সবাজারের পাহাড়ি অঞ্চলে পাহাড় ধসে ১৫৩ জনের মৃত্যু হয়। অবিরাম বর্ষণে এ বছর পাহাড় ধসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে পাহাড়ি এলাকায় গত বিশ বছর ধরে প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় পাহাড় কেটে বসতি নির্মাণ করা হচ্ছে। এই এলাকাটি নিম্ন আয়ের লোকদের বসতি করে স্থানীয় নেতারা ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে।