এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে আলোচিত সংখ্যালঘু সম্প্রদায়ের নলিতা রাণী পাল নামের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ।
আজ বৃহস্পতিবার গোপালপুর বড় কালিমন্দির থেকে একটি মিছিল শুরু হয়ে পৌর এলাকা প্রদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে মানববন্ধনের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় গোপালপুরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা দোষীদের শাস্তি দাবী করেন।
জানা যায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া পালপাড়া গ্রামের মহাদেব পালের স্ত্রী নলিতা রাণী পালকে স্থানীয় বখাটেরা দীর্ঘদিন যাবৎ কু-প্রস্তাব দিয়ে আসছিল। গত ২ ফেব্রুয়ারি স্থানীয় বখাটে আয়নাল হক নিহত নলিতা রাণীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। পরে স্থানীয়রা নলিতার চিৎকার শুনে এগিয়ে এলে আয়নাল পালিয়ে যায়। পরবর্তিতে নলিতা পাল ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের কাছে অভিযোগ করলে বিষয়টি মিমাংসার আশ্বাস দেন ওই ইউপি সদস্য।
এদিকে ধর্ষণে ব্যর্থ হওয়া আয়নাল হক আরো ক্ষীপ্ত হয়ে উঠে। ৩ জুলাই নলিতার স্বামী বাড়িতে না থাকার সুযোগে আয়নাল হক তার সহযোগিদের নিয়ে নলিতার ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করার পর হত্যা করে পালিয়ে যায়।
অন্যদিকে হত্যার ঘটনার পরের দিন নলিতার স্বামী মহাদেব পাল বাদী হয়ে গোপালপুর থানায় আয়নাল হক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমানের ছেলে সজিবসহ ৬জনকে আসামী করে অজ্ঞাত আরো ৩জনের নামে একটি মামলা দায়ের করেন।
হত্যার ঘটনায় পুলিশ মুল আসামী আয়নাল হকের স্ত্রীসহ তিনজন মহিলা আসামীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করে। এদিকে হত্যার মামলা তুলে নিতে নলিতার স্বামীকে হত্যার হুমকি দিচ্ছে পলাতক আসামীরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পুলিশ হত্যা মামলার ঘটনা ভিন্নদিকে প্রভাবিত করছে। আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। এসময় নলিতা হত্যার কঠোর শাস্তি দাবী করেন তারা।
বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি বিপ্লব কুমার দত্ত পল্টন, সন্তোষ কুমার দত্ত, ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি সুবোধ দত্ত, কালিহাতী উপজেলা শাখার সভাপতি চনন্দন কর্মকর্তার, ধনবাড়ি উপজেলা শাখার সভাপতি তরুন সরকার, মধুপুর উপজেলা সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য্য, ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষ বিশ্বাস, যুব মহাজোট সভাপতি স য় কুমার বেনু, ভূঞাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বসু দাস, নিহত নলিতার বাবা কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।
গোপালপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আবু তাহের জানান, এঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মেডিকেল প্রতিবেদন পাওয়ার পর মামলার ধারা পরিবর্তন হতে পারে।





