গত রোববার পরিবারকে সময় দিতে এবং চিকিৎসার জন্য লন্ডনে গেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সেদিন হাজারো নেতাকর্মীর ভীর।
বিমানবন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ভিআইপি লাউঞ্জ দিয়ে আসছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
মা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই অপেক্ষমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এগিয়ে এসে জড়িয়ে ধরেন মা’কে। এ সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারনা হয়। দুজনে কোলাকুলি শেষে সেখানে লন্ডন বিএনপির উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর, হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান নিজে তার ব্যক্তিগত লেক্সাস গাড়ি চালিয়ে মা’কে নিয়ে যান কিংসটনের বাসায়। সেখানেই নাতনী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সময় কাটছে খালেদা জিয়ার।
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার একজন সফরসঙ্গী ভাইভারে বলেছেন, ”তারেক রহমানের কন্যা জাইমা রহমান তার দাদীর কাছে আগামী কোরবানী ঈদে শাড়ি পরার আবদার করেছেন। এ সময় খালেদা জিয়াও বলেছেন, অবশ্যই তাকে শাড়ি এনে দেয়া হবে।”
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের নাতনী জাইমা রহমান বর্তমানে বাবা-মায়ের সঙ্গে লন্ডনে বসবাস করছেন। পড়াশুনা করছেন আইন বিষয়ে। পারিবারিক রাজনৈতিক আবহের কারণ ছাড়াও নানা বিষয়ে বিএনপির রাজনীতির প্রতি তিনি সম্প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন বলে জানা গেছে।
এছাড়া জাইমা রহমান তৃণমূল বিএনপিতে বাবা তারেক রহমানের জনপ্রিয়তা দেখে রাজনীতির প্রতি দিন দিন আকৃষ্ট ও অনুপ্রানিত হচ্ছেন বলেও বিএনপি-ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। সেই সঙ্গে মা ডা. জোবায়দা রহমানের রাজনীতি সচেতন ব্যক্তিত্ব মেয়ে জাইমা রহমানকে ভবিষ্যত রাজনীতিতে পরিচিত মুখ হিসেবে সামনে নিয়ে আসতে পারে।
জাইমা রহমানের রাজনৈতিক মাঠে পদচারনা শুরু হয়েছিল বাংলাদেশে অবস্থানকালে দাদী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কিশোরী জাইমাকে দেখা যেতো বিভিন্ন অনুষ্ঠান-আয়োজনে।
বর্তমানে তারেক রহমানসহ তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান কিংসটনের ওই বাড়িতে রয়েছেন।
প্রসঙ্গত, গত শনিবার চিকিৎসার জন্য বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ছিলেন তার একান্ত সচিব এ বি এম সাত্তার এবং গৃহপরিচারিকা ফাতেমা বেগম। রোববার দুপুরে লন্ডনে পৌঁছার পর খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাঁকে অভ্যর্থনা জানান।





