উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

আর নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটার মধ্যে বাতাসের এক টানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। ঝড়ো হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই নিম্নচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের বেশ পার্থক্য রয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। যার কারণে চট্টগ্রাম, মংলা, পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করা সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এ সময় তাদের গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

আজ বুধবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এসব কথা জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।