২০১৯ বিশ্বকাপ সামনে রেখেই দ্বন্দ্ব ভুলে অভিজ্ঞদের গুরুত্ব দিচ্ছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। বোর্ডের সঙ্গে সিনিয়র খেলোয়াড়দের ফলপ্রসূ আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে অনেকদিন দূরে ছিলেন জাতীয় দল থেকে।

নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনায় আবারো ফেরার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল। গেইল বলছেন, ক্যারিয়ার শেষ হওয়ার আগে একবার হলেও টেস্ট খেলতে চান।গেইল বলছেন, ক্যারিয়ার শেষ হওয়ার আগে একবার হলেও টেস্ট খেলতে চান।

টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথাই জানিয়েছেন তিনি। ক্রিকেট বিশ্ব তাকে আবারো টেস্ট ম্যাচে দেখতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে গেইলের ভাষ্য, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে অনেক বেশি মূল্যবান। সাদা পোশাকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আমার সময়টাতে অনেক কিছু অর্জন করেছি কারণ এই ফরমেটে অামি কঠিন পরিশ্রম করেছিলাম।’

শেষবার ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে নেমেছিলেন। এরপর পেরিয়ে গেছে ৩ বছর। গেইল বলছেন, বিদায়ী টেস্টটা তাঁর প্রাপ্য, “আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। ছোটবেলা থেকেই আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা পোশাকে খেলার স্বপ্ন দেখতাম। অভিষেকের পর এই ফরম্যাটে অনেক পরিশ্রম করেছি। দুটা ট্রিপল সেঞ্চুরি ও ৪০ এর ওপরে গড়ই বলে দেয় আমি এই ফরম্যাটের যোগ্য কিনা। আমি জানি না সুযোগ পাবো কিনা, কিংবা আমার শরীরও সায় দেবে কিনা। তবে আমি শেষ একটা টেস্ট খেলতে চাই। এটা দারুণ ব্যাপার হবে!”

ক্রিকেট বোর্ডের সাথে তাঁর সম্পর্কের টানাপোড়ন কারো অজানা নয়। গেইল মনে করিয়ে দিলেন, তাঁর অবদানেই বদলে গেছে দেশটির ক্রিকেট, “আমি কয়েক বছরে ওয়েস্ট ইন্ডিজের পুরো ক্রিকেট কাঠামোই বদলে দিয়েছি। আমার জন্য অনেক কিছুই সম্ভব হয়েছে দলে। এটার জন্য আমাকে ধন্যবাদ জানানো উচিত। আর দায়িত্বটা তো শুধু আমার একার না, অন্যদেরও এটার জন্য এগিয়ে আসতে হবে। আমার সাধ্যের মাঝে সবটুকুই করেছি, সামনে সুযোগ পেলে আরও করব। একজন ক্রিকেটার হিসাবে এটা আমার দায়িত্ব।”

২০০০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অভিষেক হয় ক্রিস গেইলের। এরপর ২০১৪ সাল পর্যন্ত তিনি ১০৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৭ হাজার ২১৪টি। সেঞ্চুরি রয়েছে ১৫টি। আর হাফ সেঞ্চুরি ৩৭টি। ১৫টি সেঞ্চুরির মধ্যে ২টি ট্রিপল, ১টি ডাবল সেঞ্চুরি রয়েছে। টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ ৩৩৩ রান। বল হাতেও কম যান না তিনি। ১০৩ টেস্টে বল করে উইকেট নিয়েছেন ৭৩টি।