বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচন কমিশনের আশ্বাস দিতে হয় তারা ক্ষমতায় যাবে, তা না হলে তারা এটা-ওটা নানা অভিযোগ করে।
আজ বুধবার (১৯ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নানা ধরণের কথাবার্তা বলে নির্বাচনি প্রক্রিয়াকে বিঘ্নিত এবং ইসিকে বিতর্কিত করছে। নির্বাচন কমিশন ও বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় বসাতে পারবে এদেশের জনগণ। জনগণের ওপর আমাদের ভরসা আছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ইসি আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবে না। কোন দলকে ক্ষমতায় নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। কাজেই বিএনপি এই অর্বাচীনের মতো একের পর এক অভিযোগ আনছে এটার কোনও বাস্তব ভিত্তি নেই।’
তিনি আরো বলেন, ‘ইসি যদি সংবিধানের বাইরে যায় তার সমালোচনা আমরা করবো এবং সে ব্যাপারে আমাদের প্রতিক্রিয়া দেবো। আওয়ামী লীগ দেশের জনগণের সমর্থন নিয়ে আবার ক্ষমতায় যেতে চায়।’
বিআরটিএর চেয়ারম্যান মশিউর রহমান, সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন ।





