সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বেসরকারি টিভি চ্যানেল নিউজ ২৪-এর শব্দ প্রকৌশলী আরমান হোসেন (৩৮) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
ঢাকা মহানগর হাকিম মো. আহসান হাবীবের খাস কামরায় আজ বুধবার দুপুরে তিনি জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক মো. শরীফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আরমান হোসেনের দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের পরিদর্শক মো. নাজমুল নিশান আরমানকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের আবেদন করেন।
আদালত সূত্রে জানা গেছে, আরমান হোসেন ধর্ষণের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গত ১১ জুলাই রাজধানীর রমনা থানায় ২০ বছর বয়সী ওই তরুণী তার সৎ বাবা আরমানের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বুধবার (১২ জুলাই) রাত ৮টায় রাজধানীর মগবাজার দিলু রোড এলাকা থেকে আরমানকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইউনিট।
এ ঘটনা জানাজানি হওয়ার পর চ্যানেল নিউজ টোয়েন্টিফোর থেকে আরমানকে চাকরিচ্যুত করা হয়েছে বলে ওই প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বিডি২৪লাইভকে জানিয়েছেন।





