সারাদেশ এখন কারাগারে পরিণত হয়েছে। আর এই কারাগারের কারারক্ষক হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ইসমাইল হোসেন সিরাজির ৮৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
দুদু বলেন, গত নির্বাচনে আমরা আন্দোলনে যেতে পারিনি। কারণ আমাদের কেন্দ্রীয় নেতারা কারাগারে ছিল। এখন আমরা বাইরে আছি। তবুও আন্দোলনে যেতে পারছিনা। এর কারণ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশটাকে কারাগারে পরিণত করেছেন। যার কারারক্ষক তিনি নিজেই।
প্রধান নির্বাচন কমিশনকে পণ্ডিত আখ্যা দিয়ে শামসুজ্জামান দুদু বলেন, ‘পণ্ডিত প্রধান নির্বাচন কমিশন সব জানে, শুধু জানে না, কাকে দিয়ে কারা থাকলে গ্রহণযোগ্য নির্বাচন হবে। কয়েক দিন আগে তিনি ঠাস করে বলে ফেললেন বর্তমান সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব, এ কথা বলে তিনি তো এক পক্ষে চলে গেলেন আমরা যে সহায়ক সরকারের দাবি করছি সেটা বললেন না। একটু ভেবে চিন্তে কথা বলেন।’





