গাজীপুরের কালীগঞ্জের মহিউদ্দিন (১৫) হত্যা মামলায় পাঁচ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শামীম, নূরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শফিকুল ও বাবু। রায় ঘোষণার সময় আদালতে সাদ্দাম হোসেন ও বাবু উপস্থিত থাকলেও অপর তিন আসামি পলাতক রয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১৬ অক্টোবর ব্রাহ্মণগাঁও এলাকার ফজলুর রহমানের ছেলে মহিউদ্দিন মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে আসেন। এরপর তিনি আর ফিরে আসেননি। পরদিন স্থানীয় ময়েজ উদ্দিনের বাড়ির পাশের বিল থেকে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত মহিউদ্দিনের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর তার বাবা ফজলুর রহমান কালীগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় মোট ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া দুটি ধারায় আসামিদের এই দণ্ডের আদেশ দেন।

রাষ্ট্রপক্ষে এপিপি মকবুল হোসেন ছাড়াও মামলা পরিচালনা করেন আতাউর রহমান খান ও আব্দুল করিম ঠান্ডু। আর আসামিপক্ষে ছিলেন মো. হানিফ শেখ ও বেগম জেবুন্নেছা মিনা।

গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম রায়ে পাঁচজনের ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করেন।