সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর চড় থাপ্পড়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. শাহ আবদুল আহাদ আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তবে মেয়র আরিফ চড়-থাপ্পড়ের বিষয়টি অস্বীকার করে বলেছেন, ‘অবৈধ স্থাপনা রক্ষা করতে এ অভিযোগ সাজানো হয়েছে।’
সোমবার বেলা ৩টার দিকে এমডির কক্ষে এ ঘটনা ঘটে বলে দাবি করেন হাসপাতালের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভাইস-চেয়ারম্যান বশির আহমদ অভিযোগ করে বলেন, ‘সিসিক মেয়র আরিফ বেলা আড়াইটার দিকে ডা. শাহ আবদুল আহাদের সাথে ফোনে কথা বলেন। এর কিছুক্ষণ পর ২০-২৫ যুবককে সাথে নিয়ে এমডির অফিসে প্রবেশ করেন মেয়র। কোনো কিছু বুঝে উঠার আগেই তিনি এমডিকে চড়-থাপ্পড় মারেন এবং তাকে শাসিয়ে চলে যান। বর্তমানে ডা. আহাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘এ ঘটনায় তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’
সূত্র জানায়, সিসিকের অবৈধ স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ডা. শাহ আবদুল আহাদকে মারধর করার যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো নাটক। অবৈধ স্থাপনা রক্ষায় এ ধরনের নাটক সাজানো হয়েছে।’





