আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষিত লোকেরা রাজনীতি না আসলে চরিত্রহীন ও খারাপ লোকেরা এমপি, মন্ত্রী হবে। তাই শিক্ষিত লোকেদেরকে রাজনীতিতে আসতে হবে।
শনিবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, মেধাবীরা রাজনীতি না করলে রাজনৈতিক মঞ্চ মেধাশূন্য হয়ে যাবে।যোগ্য ব্যক্তিরা এমপি না হলে অযোগ্য ব্যক্তিরা এমপি, মন্ত্রী হবে। এজন্য চরিত্রবান, যোগ্য ও সৎ লোকদের রাজনীতিতে আসতে হবে।
মন্ত্রী বলেন,আজকে বিশ্ববিদ্যালয়ে যে অনুষ্ঠান হচ্ছে, এটাকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করা উচিত নয়, কারণ চিরকাল আমরা ক্ষমতায় থাকব না। এ বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে।’
ওবায়দুল কাদের বলেন, আমাদের দেশে শিক্ষা এখন বাণিজ্যিক ও পরীক্ষাকেন্দ্রিক হয়ে গেছে। এ কারণে অনেক শিক্ষার্থী চাতকের মতো প্রশ্নপত্র কোথায় ফাঁস হলো, সেদিকে তাকিয়ে থাকে।
কিছু শিক্ষকের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, বেদনার সঙ্গে লক্ষ্য করা যায়, অনেক শিক্ষকও এখন প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। এই শিক্ষকতার কোনো মূল্য নেই। এ থেকে ছাত্ররা কিছুই পাবে না। তারা ভবিষ্যতে নৈতিকতা মানবে না। খারাপ আচরণ করবে।





