সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন আসন্ন বাচসাস নির্বাচনে সভাপতি পদপ্রার্থী লিটন এরশাদ। এছাড়াও গণমাধ্যমকর্মী লিটন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক।

শুক্রবার সন্ধ্যার পর নির্বাচনী প্রচারণার জন্য মাছরাঙ্গা টেলিভিশনে যাওয়ার পথে তিনি এই দুর্ঘটনার শিকার হন। প্রত্যক্ষদর্শী জানান, মাছরাঙ্গায় যাওয়ার পথে কাকলিতে রাস্তার মোড়ে বাঁক নেয়ার সময় পেছন থেকে এসে সজোরে একটি সিএনজি চালিত গাড়ি তাদের মোটর সাইকেলের পেছনে ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলের পেছনে বসে থাকা লিটন এরশাদ ছিটকে রাস্তায় পড়ে যান।

স্থানীয়রা তাদের কর্মীটোলা সামরিক হাসপাতালে নিয়ে যান এবং সেখানকার চিকিৎসকরা রোগীর অবস্থা অবনতি দেখে পঙ্গু হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পঙ্গু হাসপাতালে গিয়ে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে এক্সরে করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান, বর্তমানে রোগী ঝুঁকিমুক্ত তবে দুর্ঘটনায় শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন তিনি। আমরা এক্স-রে করিয়েছি সেখানে দেখা গেছে মেরুদণ্ডের নিচের দিক থেকে চার নম্বর হারে স্ট্রাকচার হয়েছে। আগামীকাল এমআরআই করা হবে এবং এমআরআই রিপোর্ট দেখে রোগীর চিকিৎসা বিষয়ে আরো সিদ্ধান্ত নেয়া হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরোপুরি সুস্থ হতে অন্তত ৬/৭ সপ্তাহ সময় রোগীকে বিশ্রামে থাকতে হবে।

এদিকে লিটন এরশাদের দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পঙ্গু হাসপাতালে ছুটে যান নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। হাসপাতালে পৌঁছে ইলিয়াস কাঞ্চন আহতের পরিবারের সদস্য এবং চিকিৎসকদের সাথে কথা বলেন ও খোঁজ-খবর নেন। সেই সাথে দুর্ঘটনায় আহত নিসচা কর্মি লিটন এরশাদের প্রতি সমবেদনা জানিয়ে অনেকটা আক্ষেপের সুরে নিরাপদ নিউজকে বলেন, লিটন এরশাদ নিসচার একজন একনিষ্ঠ কর্মি তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এই আন্দোলনের সাথে জরিত। দেশ থেকে সড়ক দুর্ঘটনারোধে যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই তিনিই আজ সড়ক দুর্ঘটনার শিকার হলেন। এটি কোনোভাবেই কাম্য নয়।