প্রধান শিক্ষকের নানা সেচ্ছাচারিতার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাগুরা সদরের পাটকেলবাড়ি আখেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেয়া ওই স্কুলের শিক্ষার্থী আবুল হোসেন, আমেনা খাতুন বন্যা, রাকিব, বারিক, রমেনসহ অন্যরা জানায়, পাটকেলবাড়ি আখেজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুজ্জামান দলু নিয়মিত স্কুলে আসেন না। তার বাড়ি স্কুলের অদুরেই। মাঝে মধ্যে স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে বাড়িতে গিয়ে গরু-ছাগল লালন পালন করেন। দিনভর ব্যস্ত থাকেন নিজের জমি-জমা চাষ ও ক্ষেত খামারের পরিচর্যা নিয়ে। অনেক সময় স্কুলের শিক্ষার্থীদের মাঠে নিয়ে তিনি জমি আগাছা পরিস্কার করান।

এক দিকে স্কুলে ক্লাস হয় না আবার স্কুলে এসে শিক্ষার্থীদের প্রায়ই মাঠে গিয়ে প্রধান শিক্ষকের জমি নিড়ানি দিয়ে হয়। যে কারণে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। স্কুলটিতে ২০০ শিক্ষার্থী আছে।

এ প্রসঙ্গে পাটকেলবাড়ি গ্রামের সামজিক মাতব্বর আব্দুল বারিক ও হাজী আহম্মদ মাস্টারের সাথে আলাপকালে শিক্ষার্থীদের এ সব অভিযোগের সত্যতা পাওয়া যায়।

তাদের অভিযোগ শুধু স্কুল ফাকি নয় প্রধান শিক্ষক ফারুকুজ্জামান দলু একজন ভয়ানক দুর্নীতিবাজ। উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে কৌশলে অভিভাবকদের কাগজে স্বাক্ষর করিয়ে নিয়ে স্থানীয় এক ইজিবাইক চালককে ম্যানেজিং সভাপতি বানিয়েছেন। তার যোগ সাজসে স্কুলের কয়েক কয়েক লাখ টাকার গাছ বিক্রি ও বিভিন্ন সরকারি বরাদ্দ অত্মসাৎ করেছেন।

প্রধান শিক্ষক ফারুকুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে। তিনি বলেন, এলাকার সামাজিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে এ সব করছেন। এটা ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়।