আগামী ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় উঠতে পারেন তিনি।
দলের বিভিন্ন বিষয় নিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন খালেদা জিয়া। তাই যাওয়ার আগে বৃহস্পতিবার (১৩ জুলাই) দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন বিএনপি প্রধান খালেদা জিয়া। বিএনপির একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, রাত নয়টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দলের কার্যক্রম, চলমান সদস্য সংগ্রহ অভিযান, আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনে দলীয় প্রার্থী চয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে।
এছাড়াও আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে কিভাবে হতে পারে সে বিষয়ে আলোচনা করা হবে। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তার নিজের অধীনেই নির্বাচন করতে চায়, সে ক্ষেত্রে বিএনপির কর্মসূচি কি হবে সে বিষয়েও আলোচনা হতে পারে আজ। এই বৈঠকের আলোচনা ও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েই লন্ডন যাবেন খালেদা জিয়া। সেখানে এইসব বিষয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই দেশে ফিরে সিদ্ধান্ত নিবেন তিনি।
লন্ডন সফরের আগে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থীদের একটি খসড়া তালিকা চূড়ান্ত হতে পারে আজ। যেটা নিয়ে খালেদা জিয়া লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন এবং সেই অনুযায়ী তৈরী হবে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী।





