গাজীপুরের শ্রীপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০১৬-১৭ সালের জন্য উপজেলার ৮টি ইউনিয়নের মাঝে বরমী ইউনিয়ন পরিষদ প্রথম স্থান অধিকার করেছেন।
মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার (কলি)।
পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল (বুলবুল) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ফরিদা জাহান স্বপ্না, প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত শারমিন, ড. সেলিম রেজা ও ডা: মো. আবুল ফায়েজ প্রমুখ।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২০১৬-১৭ সালের জন্য উপজেলার মধ্যে প্রথম হওয়ায় বরমী ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান শামছুল হক বাদল সরকারের হাতে ক্রেষ্ট ও সম্মাননা তুলে দেওয়া হয়।
জানা যায়, বরমী ইউনিয়নের বিভিন্ন কমিউনিটি ক্লিনিক দীর্ঘ দিন ধরে অব্যবস্থাপনা থাকায় গ্রামের মা ও শিশুদের সেবাদানে ব্যাহত হচ্ছে। বাদল সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তাদের সাথে নিয়ে এসব ক্লিনিকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন।
বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক বাদল সরকার সময়ের কন্ঠস্বরকে বলেন, গ্রামের জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক চিকিৎসা প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর মাধ্যমে সন্তান প্রসব প্রভৃতির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হতে পারে বাংলাদেশে জনকল্যাণ ও পল্লী চিকিৎসার অন্যতম মূল ভিত্তি।
আমি মনে করি সকলের সচেতনতা বৃদ্ধি ও কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাকে গুরুত্ব দেয়াই বিচক্ষণতার কাজ। তাই গ্রামবাসী মা শিশুকে সুস্থ রাখতে হলে কমিউনিটি ক্লিনিকের কোন বিকল্প নেই।





