স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মৌসুমি ফল বাংলাদেশের একটি বড় ঐতিহ্য। এক সাথে রসালো ও সুস্বাদু এত ফলের বিপুল সমাহার বিশ্বে বিরল।

বুধবার জাতীয় সংসদের সাংবাদিক লাউঞ্জে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফল উৎসব-২০১৭ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ফল উৎসব বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নিজস্ব চিন্তা চেতনা। প্রতি বছরই এ ফল উৎসবের আয়োজন করা হয়। এর মাধ্যমে আমরা সবাই একত্রিত হওয়ার সুযোগ পাই।

বিশেষ অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেন, প্রতি বছরের মতো এবারও ফল উৎসব আয়োজন করায় বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদেরকে ধন্যবাদ। এবারের সংসদ অধিবেশন সর্বোচ্চ নিয়মকানুন মেনে পরিচালনা করা সম্ভব হচ্ছে।

এ সময় সংসদের সুনাম রক্ষায় যত্নশীল হতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অথিতির বক্তৃতায় চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, সংসদ একটি পরিবার। আমরা সবাই একই পরিবারের সদস্য। তিনি জাতীয় সংসদের ইতিবাচক সংবাদ গণমাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট সদস্যদের আহ্বান জানান।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্রের সঞ্চালনায় সংগঠনটির সভাপতি উত্তম চক্রবর্তী, প্রাক্তন সভাপতি আশীষ সৈকত ও সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী বক্তব্য রাখেন।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য রাজি মোহাম্মাদ ফখরুল এবং তাহজীব আলম সিদ্দিকী অংশগ্রহণ করেন।