সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে বুধবার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সৌদি কর্তৃপক্ষের বরাতে গাল্ফ নিউজ জানিয়েছে, একটি জানালাবিহীন বাড়িতে আগুন ধরে গেলে শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।
নাজরান প্রদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক টুইটার বার্তায় জানায়, অগ্নিযোদ্ধারা একটি ভবনের আগুন নিভাতে সক্ষম হয়েছে। পুরাতন ওই ভবনের জানালা না থাকায় বাতাস চলাচলে সমস্যা হয়। শ্বাসবন্ধ হয়ে ১১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৬ জন।।
টুইটারে আরও জানানো হয়েছে, হতাহতরা মূলত বাংলাদেশ ও ভারতের নাগরিক।
তবে নিহতদের মধ্যে কতজন বাংলাদেশের নাগরিক তা জানানো হয়নি।
সৌদি আরবে ৯০ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন। যাদের বেশিরভাগ দক্ষিণ এশিয়ার নাগরিক।





