শ্রমিক লাঞ্ছিতের প্রতিবাদে ভোলার চরফ্যাশনসহ অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে চরম দুর্ভোগের শিকার হয়েছেন ভোলা মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের যাত্রীরা।

স্থানীরা জানায়, সকালে চরফ্যাশন থেকে ভোলা আসার পথে যাত্রীবাহী একটি বাস লালমোহন উপজেলা শহরের একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশা মালিক সমিতির লালমোহন শাখার সভাপতি জাকির পঞ্চায়েত বাসের চালককে মারধর করে। একপর্যায়ে পুলিশ ওই চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এতে ক্ষুদ্ধ হয়ে বাস শ্রমিক ইউনিয়ন ভোলার সকল রুটে বাস ধর্মঘটের ডাক দেয়।

শ্রমিকদের ধর্মঘটের সাথে একাত্মতা ঘোষণা করে বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জানান, বাস চালককে মারধরের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে।