দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার সম্পদ বিবরণীতে ব্যয় খাতের উল্লেখ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বুধবার এক আবেদনের শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে ব্যরিস্টার মওদুদ আহমদ নিজেই নিজের পক্ষে শুনানি করেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জ্ঞাত আয় বর্হিভূতভাবে ৭ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, সম্পদ বিবরণীতে মওদুদ আহমদ ব্যক্তিগত, পেশাগত, পারিবারিক, রাজনৈতিক ও সামাজিক ব্যয় উল্লেখ করেননি।
কিন্তু মওদুদ আহমদের পক্ষে থেকে বলা হয়, সম্পদ বিবরণীতে এসব ব্যয়ের উল্লেখের বিধান নেই। তাই অভিযোগ গঠনের আগে ব্যয়খাত উল্লেখের বিষয়টি নিষ্পত্তি চেয়ে নিম্ন আদালতে আবেদন করেন মওদুদ। এরপর গত ৫ এপ্রিল সেই আবেদন খারিজ হয়।
এর মধ্যে গত ২১ জুন ওই মামলায় অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় নিম্ন আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে গত মে মাসে হাইকোর্টে আবেদন করেন মওদুদ আহমদ। আবেদনে ওই মামলার কার্যক্রমও স্থগিত চাওয়া হয়। কিন্তু আদালত আজ আবেদনটি খারিজ করে দেন। এর ফলে মওদুদের বিরুদ্ধে এই মামলা চলতে আর কোনো বাধা নেই।