বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। দেশের ক্রিকেট ইতিহাসে সব থেকে সফল অধিনায়ক। দেশের রাজনীতিবিদ, অভিনেতা কিংবা খেলোয়াড় এ মুহূর্তে সব থেকে জনপ্রিয় ব্যক্তি তিনি।
টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণার পরই দেখা মিলল দেশ বিদেশে তার ভক্তদের আন্দোলন। সবার প্রিয় মানুষটিকে এক নজর কে না দেখতে চায়?
প্রিয় অধিনায়ক, প্রিয় মাশরাফিকে দেখতে মঙ্গলবার (১১ জুলাই) মিরপুর এক নম্বরে এসে হাজির হয়েছে তার হাজার হাজার ভক্ত। একটা সেলফি বা এক নজর দেখার জন্য পুলিশের তাড়া খেতে হয়েছে অনেক ভক্তের।
মঙ্গলবার রাজধানীর মিরপুর এক নম্বরে বিশ্বসেরা অধিনায়ক সাকিব আল হাসানের রেস্টুরেন্ট উদ্বোধন করতে আসেন মাশরাফি। মাশরাফির আগমনের খবর শুনে সকাল থেকেই জড়ো হতে থাকে তার ভক্তরা। উদ্বোধন পর্ব শেষ করে যখন নিজ গন্তব্যে ফিরছিলেন টাইগার দলপতি তখন তাকে ঘিরে ধরে হাজার হাজার ভক্ত। ভক্তদের সেই চাপ সামলাতে রীতিমতো বিপাকে পড়তে হয় প্রশাসনকে।





