উদ্ধারের পর কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে ঢাকার আদাবর থানায় আনা হয়েছে। সেখানে তাঁর স্ত্রী ফরিদা আখতার ও স্বজনেরা গিয়েছেন।
ফরিদা আখতার জানান, ফরহাদ মজহারকে পরিবারের কাছে দেওয়া হবে বলে পুলিশ তাঁকে জানিয়েছে। মঙ্গলবার সকাল নয়টার কিছু আগে ফরহাদ মজহারকে থানায় নেওয়া হয়।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগরে খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয় ফরহাদ মজহারকে।
আদাবর থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে একটি দল ফরহাদ মজহারকে ঢাকায় নিয়ে এসেছে। তাঁকে আদাবর থানায় নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।





