অবশেষে কবি, সাহিত্যিক ও কলামিস্ট ফরহাদ মজহারকে যশোরের নোয়াপাড়া থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে র‌্যাব।

লেখক ফরহাদ মজহারকে বর্তমানে যশোরের অভয়নগর থানায় রাখা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

এর আগে, ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী ফরিদা আক্তার রাজধানীর আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে পরিচিত এক ব্যক্তির ফোন পেয়ে তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর স্ত্রীর কাছে ফোন আসে ৩৫ লাখ টাকা মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলা হবে। এতে স্ত্রী ফরিদা আক্তার বিষয়টি ডিএমপির তেজগাঁও বিভাগ পুলিশকে জানান।