পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ী ইউপির সদস্য মো. নকিতুল্লার বিরুদ্ধে মারিয়া (১৩) নামের ৭ম শ্রেনীর এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে এনে জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই সদস্যের পালিত ক্যাডার মোঃ হাফিজুর রহমানের (২২) সাথে বিয়ে দিতে রাতে আরামকাঠি গ্রামের সাইফুল ইসলামে বাড়ী থেকে ছাত্রীকে তুলে নকিতুল্লার বাড়িতে নিয়ে আসেন। পরে মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ঘটনাটি পুলিশকে জানালে রোববার পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

মেয়েটির আশ্রয়দাতা মামা সাইফুল ইসলাম জানান তার বোন ও ভগ্নিপতির বিচ্ছেদের কারনে ভাগ্নি মারিয়াকে নিজের কাছে রেখে পড়ালেখা করান। তিনি অভিযোগ করেন মেয়েটির বিদ্যালয় যাওয়ার পথে একই গ্রামের মো. আবু মিয়ার ছেলে মোঃ হাফিজুর রহমান প্রায়ই তাকে উত্যক্ত করত।

কিন্তু হাফিজুর মেম্বরের সহযোগী বিধায় আমরা তাকে কিছু বলার সাহস পেতাম না। শনিবার রাত নয়টায় ইউপি সদস্য নকিতুল্লাহসহ, হাফিজুর, আরিফ, মাসুদসহ ৮/১০জন বখাটে যুবক তার বাড়ি (সাইফুলের অনুপস্থিতিতে) থেকে মারিয়াকে জোড় করে তুলে নিয়ে যায়। এ বিষয় নেছারাবাদ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাকে পিরোজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।