বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগ বহাল রাখায় হতাশা ব্যক্ত করেছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, এই রায় হতাশাজনক। ‘আমি অত্যন্ত হতাশ ও দুঃখ পেয়েছি।’
সোমবার সকালে রায় ঘোষণা হওয়ার পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধানের মূলে ফিরে যাওয়ার যে অভিপ্রায় ছিল সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে তা যেতে পারেনি। এতে আমি হতাশ, দুঃখিত। সরকারের সঙ্গে আলোচনা করে রায়ের বিরুদ্ধে রিভিউর সিদ্ধান্ত নেয়া হবে।
একইসঙ্গে অ্যাটর্নি জেনারেল এ কথাও বলেছেন, এ রায়ের মাধ্যমেই প্রমাণিত হয়েছে বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগ স্বাধীন বলেই এ রায় দিতে পেরেছে।
সোমবার সকালে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সংসদের কাজ তো আর কোর্ট করতে পারবেন না।’
পৃথিবীর সব দেশেই প্রয়োজনে সংবিধান পরিবর্তন হয় তাহলে আমাদের সমস্যা কোথায়- সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা পরিবর্তন না পুনঃস্থাপন চেয়েছিলাম। সামরিক শাসক জিয়া অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছিলেন, আমরা সামরিক শাসকদের এই অবৈধ সংশোধনীর অবসান চেয়েছিলাম।’
এর আগে গত ১ জুন সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষ হয়।





