ওয়ানডে র্যাঙ্কিংয়ের টাইগাররা এখন সপ্তম স্থানে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের বিশ্বাস, এখন যেভাবে সব চলছে সেভাবে চললে ২০১৯ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ দল।
বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা, এ নিয়ে প্রায় দুই বছর ধরেই হিসাব-নিকাশ চলছিল। গতকাল সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন নাজমুল হাসান। বিসিবি সভাপতির দাবি, ৩০ সেপ্টেম্বরের আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটেই থাকবে বাংলাদেশ। এর মানে ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে কোনো রকম বাছাইপর্বের মধ্য দিয়ে যেতে হবে না টাইগারদের।
বাংলাদেশের বিশ্বকাপ যে নিশ্চিত, সেটা বোঝা গিয়েছিল চ্যাম্পিয়নস ট্রফিতেই। নিউজিল্যান্ডকে হারিয়ে র্যাঙ্কিংয়ে ছয়ে চলে আসে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও পয়েন্ট ব্যবধান বাড়িয়ে ১৪ করে ফেলেন মাশরাফিরা। এরপরও যদি কোনো সন্দেহ থাকে, সেটা দূর করে দিয়েছে আফগানিস্তান। দ্বিপক্ষীয় সিরিজে প্রথম ম্যাচে হারিয়ে দেয় তারা।
ফলে সরাসরি বিশ্বকাপে যাওয়ার উইন্ডিজ-স্বপ্ন বড় এক ধাক্কা খায়। এরপর ভারতের কাছে দুই ওয়ানডেতে উইন্ডিজের হার আর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়াডে ম্যাচে শ্রীলঙ্কার হার বাংলাদেশকে নিয়ে গেছে একদম নিরাপদ অবস্থানে।
১১৯ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৭ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। ভারত তৃতীয় স্থানে রয়েছে ১১৬ পয়েন্ট নিয়ে। ইংল্যান্ড চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১১৩। ১১১ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড পঞ্চম স্থানে। সরাসরি বিশ্বকাপে খেলার মূল প্রতিযোগিতাটা আসলে ৬, ৭ ও ৮ নম্বরে থাকা তিন দলের। সাথে ৯ নম্বরেরও।
৬ নম্বরে আছে পাকিস্তান। তাদের পয়েন্ট ৯৫। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলা শুরু করেছিল প্রথমবারের মতো ৬ নম্বরে উঠে। কিন্তু পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বাংলাদেশকে টেক্কা দিয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে। বাংলাদেশ এখন সপ্তম স্থানে। শ্রীলঙ্কা অষ্টম স্থানে। তিন দলের মধ্যে রেটিং পয়েন্টের ব্যবধান খুব কম। পাকিস্তানের ৯৫, বাংলাদেশের ৯৪ এবং শ্রীলঙ্কার ৯৩। ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে। তাদের পয়েন্ট ৭৭। বাংলাদেশের সাথে ব্যবধান ১৭ পয়েন্টের। এখন ওয়েস্ট ইন্ডিজ ভারতের সাথে সিরিজ খেলছে। ৫ ম্যাচের সিরিজে এর মধ্যে ৩টি শেষ। ২-০ তে পিছিয়ে ক্যারিবিয়রা। সুতরাং ৩০ সেপ্টেম্বরের আগে বাংলাদেশ বা শ্রীলঙ্কাকে ওয়েস্ট ইন্ডিজের টপকে যাওয়া প্রায় অসম্ভবই মনে হচ্ছে। এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের যা অবস্থা তাতে অলৌকিক কিছু না হলে বিশ্বকাপে টাইগাররাই সরাসরি খেলবে। ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব এড়াতে চাইলে এবং সরাসরি বিশ্বকাপে খেলতে হলে সবার হিসেব একই। বিশ্ব র্যাঙ্কিংয়ের প্রথম ৮ দলের মধ্যে থাকতে হবে। আয়োজক ইংল্যান্ড ওই আট দলের মধ্য থেকে সরাসরি বিশ্বকাপে থাকবে। ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ও র্যাঙ্কিংয়ের বাকি শীর্ষ সাত দল বিশ্বকাপে নিশ্চিতভাবে খেলবে। বাকি দুটি দলকে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে পেরোতে হলে বাছাইপর্ব। এ সময়ে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলেও শ্রীলঙ্কা খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজও ভারতের পর খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে, দুই দল সব ম্যাচ জিতলেও বাংলাদেশকে আটের বাইরে পাঠাতে পারবে না। ফলে বাছাইপর্ব নিয়ে ভাবনাচিন্তা এখন শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের।





