মালয়েশিয়ায় বসবাসকারী কাগজপত্রহীন অভিবাসীদের বৈধকরনের জন্য ইনফোর্সমেন্ট কার্ড (ই-কার্ড) নিবন্ধনের সময় পেরিয়ে যাওয়ায় অবৈধ হিসেবে থাকা বিদেশি শ্রমিকদের আটকে সাঁড়াশি অভিযান চলছে বেশ জোরেশোরে।

মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধানের ঘোষণা অনুযায়ী গত শুক্রবার (৩০ জুন) রাত থেকে রাজধানী কুয়ালালামপুর, জোহর বারু, কোতা বারু, কেলান্তান, পেরাক, কেদাহ, আলোর সেতার, মালাকাসহ দেশেটির প্রত্যন্ত প্রদেশে অভিযান চালিয়ে এসব শ্রমিকদের আটক করা হয়।

এ অভিযানে এখন পর্যন্ত এক হাজার ৪০ জন অবৈধ বিদেশি শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। পাশাপাশি ১৭ জন মালিককে আটক করা হয়েছে। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি শ্রমিক আছেন তা নির্দিষ্ট করে জানা সম্ভব হয়নি।

এদিকে, রবিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে কুয়ালালামপুরের জালান তুন রাজ্জাক এলাকায় ইমিগ্রেশন পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করে।

সাঁড়াশি অভিযানের ফলে মালয়েশিয়ায় থাকা বিদেশি বৈধ-অবৈধ শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অনেকেই অভিযানের ভয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির বিভিন্ন কমিউনিটির নেতারা।

এদিকে, দ্য মাস্টার বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া (এমবিএএম) কর্তৃপক্ষ দেশটির সরকারের কাছে ই-কার্ড করার জন্য আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধির আবেদন করেছে।

এমবিএএম জানিয়েছে, বিদ্যমান সমস্যার সমাধান এবং ধীরগতি প্রক্রিয়া থেকে বের হয়ে সহজে ও দ্রুত ই-কার্ড করতে ইমিগ্রেশন বিভাগকে সহায়তা দেবে তারা।