প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীর কোচের পদে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে। তারই মধ্যে নতুন কোচ নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন অধিনায়ক বিরাট কোহলি।
বৃহস্পতিবার অ্যান্টিগায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরাট জানিয়েছেন, তাঁর মতামত জানতে চাওয়া হলে অবশ্যই তাঁর বক্তব্য পেশ করবেন।
তিনি বলেছেন, ‘‘ব্যক্তিগতভাবে আমি বিশেষ কাউকে চাওয়ার ব্যাপার নিয়ে কিছু বলতে যাব না। তবে বোর্ড যদি তা নিয়ে মতামত জানতে চায়, তবে গোটা দলের পক্ষ থেকে তা নিয়ে আমি নিজের অভিমত দিতে পারি।’’
তবে নতুন কোচ নির্বাচন নিয়ে যেভাবে এক অস্থিরতা এবং গুঞ্জন তৈরি হয়েছে, তাতে মোটেই খুশি নন ভারত অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘কোচ বাছাই একটা পুরনো প্রক্রিয়া। সেটাকে আমরা সকলেই সম্মান জানাতে বাধ্য।
সেখানে যে বক্তব্য পেশ করা হবে, সেটা সমগ্র দলের পক্ষ থেকেই বলা হবে। তা নিয়ে ব্যক্তিগত অভিমত বা বিভাজন তত্ত্বকে প্রাধান্য দেওয়ার প্রশ্নই ওঠে না। এই প্রক্রিয়া আমাদের কাছে নতুন নয়। ফলে সময় যখন আসবে, তখন আমরা বোর্ডকে নিজেদের বক্তব্য জানিয়ে দেব। এবং এটাও বলে দেওয়া ভাল, কী বলব তা প্রকাশ্যে জানাতে যাব না।’’
তবে কোহলি এও স্পষ্ট করে দিয়েছেন, কোচ বাছাই অধ্যায়কে প্রাধান্য দিয়ে চলতি একদিনের সিরিজ সম্পর্কে উদাসীন থাকার কোনও সম্ভাবনাই নেই।
তিনি বলেছেন, ‘‘এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ জয়কেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। কাকে কোচ হিসাবে নির্বাচিত করা হবে, সেটা নিয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। আমরা নিজেদের লক্ষ্য থেকে সরে যাচ্ছি না। এখানে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এসেছি। শুক্রবারের ম্যাচেও যােত জয়ের ধারা অব্যাহত রাখা যায়, সেটা নিয়েই বেশি গুরুত্ব দিচ্ছি। সেটাই আমাদের দায়িত্ব।’’





