চ্যাম্পিয়ন্স ট্রফির পর জাতীয় দলের ক্রিকেটাররা মিরপুরমুখী হয়েছেন খুব কম। দুই একজন এসেছেন ফিজিও-চিকিৎসক দেখাতে আর কেউবা এসেছেন নিছক ঘুরতেই। তবে তখন থেকে মিরপুরের প্রাঙ্গণ সরব রেখেছিল হাই পারফরম্যান্স (এইচপি) দলের খেলোয়াড়রা।
তবে মাঝে ঈদের ছুটি কাটাতে তারাও চলে যাওয়ায় আবার ঝিমিয়ে পড়ে হোম অব ক্রিকেট। তবে শুক্রবার এইচপির ক্রিকেটাররা আবার ফিরে আসায় সরব হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
শুক্রবার সকাল থেকেই মিরপুর শেরে বাংলার একাডেমী মাঠে ফিরতে থাকেন ক্রিকেটাররা। সবার আগে মাঠে আসেন মেহেদী মারুফ। এরপর এনামুল হক বিজয়, সাইফউদ্দিন ও হোসেন আলী। কিছুক্ষন পর তাদের সঙ্গে যোগ দেন জুবায়ের হোসেনও। এরপর ধীরে ধীরে আস্তে শুরু করেন বাকি ক্রিকেটাররা। বিকেল ৪টায় রিপোর্ট করার কথা থাকলেও ঈদ পরবর্তী সময়ে রাস্তায় ট্র্যাফিক জ্যাম ও বিভিন্ন কারণে অনেকে ফেরেন সন্ধার দিকে।
এদিকে আগামীকাল শনিবার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছে এইচপি দল। সেখানে ৫টি ওয়ানডে ম্যাচের পাশাপাশি ১টি তিন দিনের ম্যাচও খেলবে তারা। এ কারণেই ঢাকায় ফিরেছেন ডাক পাওয়া ১৬ ক্রিকেটার।
এইচপি ক্যাম্পের ক্রিকেটাররা ফিরলেও এখনই ফিরছেন না জাতীয় দলের খেলোয়াড়রা। আগামী ১০ জুলাই থেকে শুরু হবে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। তাই ঢাকায় ফেরার তাড়া নেই তাদের। অধিকাংশ ক্রিকেটার ঢাকায় নেই। যার যার স্থায়ী ঠিকানায় ঈদ কাটাতে গেছেন চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে দেশে ফিরে। ক্যাম্প শুরুর আগে ঢাকায় ফিরবেন তারা।





