আজ ৩০ জুন মাঝরাত থেকেই মালয়েশিয়ায় অবস্থিত অবৈধ প্রবাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করতে যাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

আজ ৩০ জুন ২০১৭ রাত ১২ টা পর্যন্ত চলবে ই-কার্ড নিবন্ধনের কার্যক্রম। ই-কার্ড নিবন্ধনের সময়সীমা পার হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অবৈধ শ্রমিকদের নিবন্ধনের জন্য ১৫ ফেব্রুয়ারি এই ই-কার্ড নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়।

এ পর্যন্ত ১৫৫,৬৮০ জন অবৈধ প্রবাসী ই-কার্ডের জন্য আবেদন করেছে এবং এর মধ্যে ১৪০,৭৪৬ জনকে ই-কার্ড ইস্যু করা হয়েছে। কিন্তু এই সংখ্যা কর্তৃপক্ষের প্রত্যাশার মাত্র ২৩%। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের লক্ষ্য ছিল প্রায় ৪ থেকে ৬ লাখ অবৈধ অভিবাসীকে ই-কার্ডের আওতায় নিবন্ধন করানো যাবে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী অবৈধ প্রবাসীদের নিবন্ধনের এই চিত্র দেখে হতাশ। এ প্রসঙ্গে তিনি বলেন- ‘আমি বহুবার ই-কার্ড নিবন্ধনের সময়সীমার উপর জোর দিয়েছি। এই সময়সীমা আর বাড়ানো হবে না। সময়সীমা শেষ হওয়ার সাথে সাথে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে অভিযান শুরু হবে এবং তাদের নিয়োগদাতাদেরও আইনের আওতায় আনা হবে। এমনকি যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আসা লোকদের চাকরি দিয়েছে তারাও রেহাই পাবে না।’

খোঁজ নিয়ে দেখা গেছে, ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরে অবৈধ প্রবাসী শ্রমিক এবং নিয়োগদাতাদের এখন উপচে পড়া ভীড়। তারা শেষ সময়টাতে ই-কার্ডের নিবন্ধনের জন্য হাজির হয়েছে।

মুস্তাফার আলী বলেছন- ‘আজ মাঝরাতেই যেহেতু নিবন্ধনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে, সেহেতু আমাদের কর্মকর্তারা খুব বেশি হলে আগামীকাল ৭টা পর্যন্ত এটা নিয়ে কাজ করবে। রাত সাড়ে ১১টার পর যেসব আবেদন জমা পড়বে সেগুলো একপাশে রাখা হবে। কারণ, আগে যারা আবেদন করেছে তাদের নিবন্ধনের প্রক্রিয়া আগে সম্পন্ন করা হবে। আর সবচেয়ে বেশি অবৈধ শ্রমিক বাংলাদেশী। এরপর ধারাবাহিকভাবে ইন্দোনেশিয়া, মায়ানমার এবং নেপালের নাগরিক আছে।’