পুলিশের হেলিকপ্টার চুরি করে এক বিপথগামী পুলিশ কর্মকর্তা ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অস্কার পেরেজ নামের এ পুলিশ কর্মকর্তা এ ঘটনার জন্য দায় স্বীকার করেছেন।

ইনস্টাগ্রামে ভিডিও বিবৃতিতে “সন্ত্রাসী সরকার” এর বিরুদ্ধে এ হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। এসময় তার পরনে পুলিশের পোশাক ছিল। আর তার পেছনে ছিল সশস্ত্র মুখোশধারী ব্যক্তিরা।

অভ্যন্তরীণ চরম রাজনৈতিক পরিস্থিতির মুহুর্তে হেলিকপ্টার হামলা হল ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টে। এ ঘটনাকে "সন্ত্রাসী হামলা" হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি এক টেলিভিশন বক্তৃতায় এ হামলার নিন্দা জানিয়েছেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোর্টের উপর চারটি গ্রেনেড ফেলা হয় এবং অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের উদ্দেশ্য পনেরবার গুলিবর্ষণ করা হয়।
রাজনৈতিক এবং অর্থনৈতিক সঙ্কটের কারণে ভেনেজুয়েলায় টানা ব্যাপক বিক্ষোভ আন্দোলন চলছে গত কয়েক মাস ধরে। প্রেসিডেন্ট মাদুরোর বিরোধীরা সুপ্রিম কোর্টকে তার অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসেবে দেখে।
জানা গেছে, একটি নীল পুলিশ হেলিকপ্টারকে রাজধানী কারাকাসের মধ্যাঞ্চলের আকাশে "৩৫০ ফ্রিডম" লিখিত ব্যানার নিয়ে উড়তে দেখা যায়। "৩৫০ ফ্রিডম" হচ্ছে দেশটির সংবিধানের একটি ধারা যার মাধ্যমে মাদুরো বিরোধীরা তার ক্ষমতাগ্রহণকে অবৈধ বলে ঘোষণা করেছে।
সরকার বলছে, অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের একটি সামাজিক অনুষ্ঠানকে লক্ষ্য করে হেলিকপ্টার থেকে পনেরবার গুলিবর্ষণ গুলি ছোড়ে। এরপর হেলিকপ্টারটি আদালতে চলে আসে এবং ইসরায়েল নির্মিত চারটি কলম্বিয়ান গ্রেনেড ছুঁড়ে মারে। তারমধ্যে একটি অবিস্ফোরণ থেকে যায়। তবে এখনো পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
তথ্যমন্ত্রী আর্নেস্তো ভিলেগাস বলেন, হামলাকারীকে গ্রেফতার এবং জার্মান নির্মিত বলকো হেলিকপ্টারটি উদ্ধারের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশ কর্মকর্তা অস্কারের অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারেনি সরকার।
রাষ্ট্রীয় টিভি চ্যানলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিনেট ভবনের সামনে অস্কার পেরেজের একটি ছবি প্রকাশ করা হয়েছে। মাদুরো দীর্ঘদিন ধরে দাবী করে আসছে মার্কিন সরকার তাকে উৎখাত করার চেষ্টা করছে।