এটা শুধু ভারতীয়দের কাছেই নয়, গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে পরিচিত দৃশ্য। ম্যাচ জেতার পরে একটি স্টাম্প অবশ্যই সংগ্রহ করে নেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু কেন? এতদিন সে উত্তর জানা ছিল না।
ভারত যদি আগে ব্যাটিং করে তবে তো কথাই নেই। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার অধিনায়ক সঙ্গে সঙ্গেই একটি স্টাম্প তুলে নেন। আর পরে ব্যাটিং থাকলে নিজে ক্রিজে থাকলেও আগে স্টাম্প সংগ্রহ, তার পরে জয়ের উল্লাস। অথবা বলা যেতে পারে স্টাম্প তুলে নেওয়াটাই মাহির বিজয়োল্লাসের প্রকাশ।
কিন্তু কেন? ভারতের সফল এই অধিনায়ক সারা বছর অনেক ম্যাচে জয় পান আর প্রায়
সব ম্যাচেরই শেষে একটি করে স্টাম্প বাড়ি নিয়ে যান। এতদিন তাঁর স্টাম্প সংগ্রহ সংখ্যায় ঠিক কত তার হিসেব করাই মুশকিল। কিন্তু কেন নিয়ে যান? এনিয়ে দেশে, বিদেশে অনেক কৌতূহল। কিন্তু নিজে থেকে মাহি কখনও এর উত্তর দেননি। অবশেষ দিলেন।
অনেকে মনে করতেন বিজয় স্মারক ঘরে সাজিয়ে রাখতে পছন্দ করেন ধোনি। কিন্তু বিজয় স্মারক তো এমনিতেই প্রচুর পান তিনি! তবে এত স্টাম্প ঘরে রাখবেন কেন? কেউ কেউ মনে করতেন, এর পিছনে কোনও জ্যোতিষীর নির্দেশ রয়েছে। কোনও তুকতাক রয়েছে স্টাম্প বাড়ি নিয়ে যাওয়ার পিছনে। কিন্তু যখন আসল কারণটা জানা গেল তখন দেখা যাচ্ছে এর থেকেও অনেক গুরুগম্ভীর সেই কারণ।
সম্প্রতি বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মুখেই স্টাম্প সংগ্রহের কারণ জানিয়েছেন মহেন্দ্র সিংহ। তিনি বলেছেন, ‘‘এটা আমার অবসরযাপনের পরিকল্পনা। এটা খুব ভাল অভ্যাস যে আমি অনেক স্টাম্প সংগ্রহ করি কিন্তু আর একটা বাজে অভ্যাস হল আমি কোনও স্টাম্পের গায়ে লিখে রাখি না সেটা কোন ম্যাচের। আমি যখন অবসর নেব তখন আমার সব ম্যাচের ভিডিও দেখব, ভাল করে দেখব স্টাম্পের গায়ে স্পন্সরদের লোগো আর তার থেকে বুঝে নেব কোন স্টাম্পটা কোন ম্যাচের। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে এভাবেই অবসর সময় কাটাবো।’’





