ক্রিকেটার মুস্তাফিজের গ্রামের বাড়িতে আসার সুযোগ খুব একটা মেলে না তার। এবারের ঈদ-উল-ফিতর সেই সুযোগটাই এনে দিল। তবে বৃষ্টির কারণে ঈদের দিনে সেই আনন্দটায় যেন মাটি হয়ে গেল।
ঈদে মায়ের হাতের রান্না খেতে খুব পছন্দ মুস্তাফিজের, ‘মা যা রান্না করে তাই ভাল লাগে।’ বাহাতি এই পেসাররের বাবা আবুল
কাসেম জানালেন, ওর খুব পছন্দ মায়ের হাতে রান্না দেশি মুরগি আর গরুর মাংস।
মুস্তাফিজুর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের তারালি ইউনিয়নের তেতুলিয়ায়। সোমবার ঈদ জামাতে হাসিমুখে হাজির হন মুস্তাফিজ। জামাতে মুসল্লি ও বন্ধুদের সাথে অংশ নিয়ে কোলাকুলি করেন সবার সাথে। বাড়ির পাশ্ববর্তী তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।
সোশ্যাল সাইটের মাধ্যমে জাতীয় দলের এই তরুণ সুপারস্টার সকল ভক্ত, শুভাকাঙ্খীসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ব্যস্ত সফরসূচি শেষে বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধবদের সাথে হাসি-আড্ডায় ঈদের দিনটি পার করছেন কাটার মাস্টার।





