সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোববার ফরিদপুরের আলফাডাঙ্গা, বোয়ালমারী ও সদরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে ১০ গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দিনটি উপলক্ষে সকাল ১০টায় বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সস্রাইল ঈদ গাঁ ময়দান, রাখালতলী, মাইটকুড়া এ ছাড়া আলফাডাঙ্গা ও সদরপুর উপজেলার মোট ১০টি গ্রামে একই সঙ্গে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। ঈদকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে সেমাই রান্না করে ঈদের জামাতে মুসল্লিদের মাঝে বিতরণ করা হয়।
এলাকার মুসল্লিরা জানান, তাঁরা চট্টগ্রামের মাহামুদাবাদের পীর সাহেব হজরত ইয়াছিন আলীর অনুসারী। তাঁদের পীরের নির্দেশেই প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ পড়ে থাকেন, তবে সাধারণ সময়ের কথা বিবেচনা করে সৌদি আরবের নামাজের ২ ঘণ্টা পর তাঁরা ঈদের জামাত শুরু করেন।
এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে শেখর ইউনিয়নের রাখালতলীতে সংঘর্ষ বেধে গেলে তাৎক্ষণিক পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ একজনকে আটক করে।





