র্যাবের ডিজি বেনজির আহমেদ বলেন, ‘আমরা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বিক উদ্যোগ নিয়েছি। এজন্য ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য যে কোনো কিছু আনতে নিরুৎসাহিত করছি।
নগরবাসীকে অনুরোধ করছি- সম্ভব হলে পানির বোতলও আনবেন না। যারা গাড়ি নিয়ে আসবেন, তাদের মাঠ থেকে দূরে পার্ক করার অনুরোধ করছি।’
শুক্রবার বিকালে জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ করেন।
তিনি বলেন, দেশের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান শোলাকিয়া ঈদগাহে আগের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।
তিনি আরো বলেন, এবার রাজধানীর ৪১০টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহসহ ৪১০টি স্থানের ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী। পাশাপাশি শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক।
র্যাব ডিজি বলেন, দেশে বর্তমানে সুনির্দিষ্টভাবে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। জঙ্গিদের আসলে এখন আর হামলার সক্ষমতাও নেই। আইনশৃঙ্খলা বাহিনীর লাগাতার অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে সেই সক্ষমতা হারিয়ে ফেলেছে।





