হাইওয়ে পুলিশের সহকারী সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদারকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, কে বা কারা, কেন হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে রাজধানীর গুলশানে পুলিশ প্লাজা কনকর্ডে ঈদ মার্কেট পরিদর্শন করেন আইজিপি। সেখানে রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

পুলিশ মহপরিদর্শক বলেন, ওই ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত বলা যায়, এটি একটি হত্যাকাণ্ড। তার গলায় দাগ দেখা গেছে। তবে কে বা কারা এবং কেন তাকে হত্যা করেছে- তা তদন্ত শেষে বলা সম্ভব।

তিনি বলেন, এএসপি মিজান রাতে সেহরি খেয়ে সকালে একা বাসা থেকে বের হন। এরপর সম্ভবত তাকে হত্যা করা হয়। হত্যার কারণ সম্পর্কে এখনও আমরা নিশ্চিত নই, তদন্ত চলছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করে দেখছে।

চট্টগ্রাম ও ঢাকায় ঘটে যাওয়া দুইটি ছিনতাই প্রসঙ্গে আইজিপিকে প্রশ্ন করে হলে তিনি বলেন, দেখেন অপরাধ শতভাগ নির্মূল করা সম্ভব নয়। তবে অতীতের তুলনায় কম না বেশি হয়েছে সেটাই দেখার বিষয়।

এসময় ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার, গুলশান বিভাগের ডিসি, এডিসি ও ওসিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।