ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান আগামী ১৫ দিনের মধ্যে চট্টগ্রামে পৌঁছাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির নতুন রাষ্ট্রদূত ট্রান ভ্যান খাও। আর তেমনটি হলে তখন থেকে দেশের বাজারে কমতে শুরু করতে পারে চালের দাম।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ট্রান ভ্যান খাও।
এ সময় বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নতির জন্য কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভিয়েতনামে বাংলাদেশের বড় বাজার রয়েছে। এর জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সব সময় সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে বলে জানান নবনিযুক্ত রাষ্ট্রদূত এইচ ই ট্রান ভ্যান খোয়া। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম পৌঁছাবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইছসানুল করিম আজ সাংবাদিকদের জানান, বৈঠককালে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে চাল আমদানির সমঝোতা স্মারক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নতুন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ভিয়েতনাম থেকে চালের প্রথম চালান ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।
উল্লেখ, সরকারি গুদামের মজুদ কমে যাওয়া এবং স্থানীয় বাজারে দাম রেকর্ড বেড়ে যাওয়ায় চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ভিয়েতনাম থেকে ৯০৮ কোটি ৮৫ লাখ টাকায় আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গত ১৪ জুন দরপত্র ছাড়াই সরকারি পর্যায়ে এই চাল আমদানির অনুমতি দেয়।





